Cockroach Janta Party : ‘৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত’, পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির


নয়াদিল্লি : নজরে গ্রামের সরকারি স্কুলের পরিকাঠামোগত মানোন্নয়ন। সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করে চলেছে ককরোচ জনতা পার্টি। এই বিষয়ে একাধিক পোস্ট করে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছে তারা। এবার গ্রামের সরকারি স্কুলে সুযোগ-সুবিধার উন্নতি ঘটাতে কেন PM CARES Fund ব্যবহার করা হচ্ছে না, সেই প্রশ্ন তুললেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একটি রিপোর্টে দেখা গেছে যে, ২০২৪-২০২৫ সালে এই তহবিলের মূল অর্থের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওয় অভিজিৎ বলেছেন, একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে যেখানে বলা হয়েছে যে PM CARES Fund-এর প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা কোথাও ব্যবহার করা হচ্ছে না। আদৌ এটার ব্যবহার হচ্ছে না।

সোমবার প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, প্রাইম মিনিস্টার্স সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন (PM CARES) ফান্ডের পরিমাণ ২০২৩-‘২৪ সালে ৭,১৭৩.০৩ কোটি টাকা থেকে ১৭.৮ শতাংশ বেড়ে ২০২৪-‘২৫ সালে ৮,৪৫২.০৭ কোটি টাকায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে দীপকে জানিয়েছেন যে, গত কয়েকদিন ধরে তিনি গ্রামের একাধিক স্কুলে ঘুরেছেন, সেখানে তিনি স্কুলগুলির “খুবই খারাপ” অবস্থা লক্ষ্য করেছেন। তিনি জানান, বিভিন্ন স্কুলের বাচ্চারা পানীয় জল-সহ ন্যূনতম সুযোগ পেতে সমস্যায় পড়ছে। অভিজিতের কথায়, “স্কুলগুলিতে খাবার জল পেতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তাহলে আমরা কেন এই অর্থ ওইসব শিশুর স্কুলের জন্য ব্যবহার করছি না ? কেন এই অর্থ নতুন স্কুল নির্মাণের কাজে লাগানো হচ্ছে না ?”  

দীপকে জানান, কর্তৃপক্ষ তাঁকে বলেছেন যে তহবিলের অভাবে বেশ কয়েকটি স্কুলে ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব রয়েছে। তিনি বলেন, “একদিকে বলা হচ্ছে যে স্কুলগুলির জন্য কোনও তহবিল নেই, আর অন্যদিকে ‘পিএম কেয়ারস’ (PM CARES) তহবিলে ৮,৫০০ কোটি টাকা পড়ে আছে।” 

এই প্রসঙ্গে ককরোচ জনতা পার্টির তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “জনগণের অর্থের একটি বিশাল অংশ ‘পিএম কেয়ারস ফান্ড’ (PM CARES Fund)-এর মতো একটি ‘ব্যক্তিগত তহবিল’-এ অব্যবহৃত ও হিসাব-বহির্ভূত অবস্থায় পড়ে আছে। সরকারি স্কুলগুলির জরাজীর্ণ অবস্থার কারণ হিসেবে তহবিলের অভাবের কথা বলা হলেও, ৮,৪৫০ কোটি টাকারও বেশি অর্থ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। যদি এই অর্থ জনগণেরই হয়, তবে তা দিয়ে স্কুল নির্মাণ ও মেরামতের কাজ করা যাবে না কেন ? তহবিলের অভাব কখনোই মূল সমস্যা ছিল না। সমস্যাটি হল সদিচ্ছার অভাব।” Cockroach Janta Party

 



Source link

Scroll to Top